আদি পরম বাণী, ঊর বীণাপাণি

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

আদি পরম বাণী, ঊর বীণাপাণি।

আরতি করে তব কোটি কোবিদ জ্ঞানী।।

হিমেল শীত গত, ফাল্গুন মুঞ্জরে,

কানন-বীণা বাজে সমীর-মরমরে।

গাহিছে মুহু মুহু আগমনী কুহু,

প্রকৃতি বন্দিছে নব কুসুম আনি।।

মূক ধরণী করে বেদনা-আরতি,

বাণী-মুখর তারে করো মা ভারতী!

বক্ষে নব আশা, কণ্ঠে নব ভাষা

দাও মা, আশিস্‌ যাচে নিখিল প্রাণী।।

শুচি রুচির আলো-মরাল-বাহিনী

আনিলে আদি জ্যোতি, সৃজিলে কাহিনী।

কণ্ঠে নাহি গীতি, বক্ষে ত্রাস-ভীতি,

করো প্রবুদ্ধ মা, বর অভয় দানি।।

ব্রহ্মবাদিনী আদিম বেদ-মাতা!

এসো মা, কোটি-দল হৃদি-আসন পাতা।

অশ্রুমতী মা গো, নব-বাণীতে জাগো,

রুদ্ধ দ্বার খোলো সাজিয়া রুদ্রানী।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *