আমি অকৃতি অধম

রজনীকান্ত সেন

1 min read September 17, 2026

আমি অকৃতি অধম ব’লেও তো কিছু

কম করে মোরে দাওনি;

যা দিয়েছ, তারি অযোগ্য ভাবিয়া

কেড়েও তা কিছু নাওনি।।

তব আশীষ কুসুম ধরি নাই শিরে,

পায়ে দলে গেছি, চাহি নাই ফিরে;

তবু দয়া করে কেবলি দিয়েছ,

প্রতিদান কিছু চাওনি।।

আমি ছুটিয়া বেড়াই, জানিনা কি আশে,

সুধা পান করে মরি গো পিয়াসে;

তবু যাহা চাই সকলি পেয়েছি;

তুমি তো কিছুই পাওনি।।

আমায় রাখিতে চাও গো, বাঁধনে আঁটিয়া,

শতবার যাই বাঁধন কাটিয়া।

ভাবি ছেড়ে গেছ, ফিরে চেয়ে দেখি,

এক পা-ও ছেড়ে যাওনি।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali রজনীকান্ত সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *