
কনক বরণ, কিয়ে দরপণ,
নিছনি দিয়ে যে তার।
কপালে ললিত, চাঁদ শোভিত,
সিন্দূর অরুণ আর।।
সই! কিবা সে মধুর হাসি।
হিয়ার ভিতর পাঁজর কাটিয়া,
মরমে রহল পশি।।
গলার উপর, মণিময় হার,
গগন মণ্ডল হেরু।
কুচ যুগ গিরি, কনক গাগরী,
উলটি পড়ল মেরু।।
গুরু সে উরুতে, লম্বিত কেশ,
হেরি যে সুন্দর ভার।
বহিয়া দুকুল বরণের ফুল,
জলদ শোভিত ধার।।
কহে চণ্ডীদাসে, বাশুলী আদেশে,
হেরিয়ে নখের কোণে।
জনম সফলে, যমুনার কূলে,
মিলারল কোন্ জনে।।
——————-
শ্রীকৃষ্ণের পূর্বরাগ ।। তুড়ি ।।
নিছনি – উপমা। মধুর — বিভিন্ন পাঠ—“মুখের”। গলার উপর, মণিময় হার, গগন মণ্ডল হেরু – গলার উপরিস্থিত মণিময়হার বক্ষে পতিত হওয়াতে গগণ মণ্ডলের ন্যায় বোধ হইতেছে। বক্ষ গগণ; মণিশ্রেণী তারকাবলী। হেরু—দেখাইতেছেন। মেরু – সুমেরু পর্ব্বত।
বিভিন্ন পাঠঃ
উরু সে উরুতে, লম্বিত কেশ,
হেরিয়ে সুন্দর ভার।
চরণের ফুল, হেরিয়া দুকুল,
জলদ শোভিত ধার।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
