
পিরীতি বলিয়া, এ তিন আঁখর,
ভুবনে আনিল কে।
মধুর বলিয়া, ছানিয়া খাইনু,
তিতায় তিতিল দে।।
সই এ কথা কহন নহে।
হিয়ার ভিতর, বসতি করিয়া,
কখন কি জানি কহে।।
পিয়ার পিরীতি, প্রথম আরতি,
তাহার নাহিক শেষ।
পুন নিদারুণ, শমন সমান,
দয়ার নাহিক লেশ।।
কপট পিরীতি, আরতি বাঢ়ায়া,
মরণ অধিক কাজে।
লোক চরচায়, কুলে রক্ষা দায়,
জগত ভরিল লাগে।।
হইতে হইতে, অধিক হইল,
সহিতে সহিতে মনু।
কহিতে কহিতে, তনু জর জর,
পাগলী হইয়া গেনু।।
এমনি পিরীতি, না জানি এ রীতি,
পরিণামে কিবা হয়।
পিরীতি পরম, দুখময় হয়,
দ্বিজ চণ্ডীদাসে কয়।।
————–
প্রেম বৈচিত্ত ।। সুহিনী ।।
তিতায় তিতিল দে – দেহ তিক্ত হইয়া গেল। আরতি – আশক্তি; অনুরক্তি।
প্রেম বৈচিত্ত লক্ষণঃ–
”প্রিয়ের নিকটে বসি প্রেমময়ী ধনী।
প্রেমের বিহ্বলে প্রিয় কোথা মনে গণি।।
চৌদিকে নেহারি কান্দে বিরহ হুতাশে।
প্রেম বৈচিত্ত ইহ হেরি হরি হাসে।।”
–ভক্তমাল
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
