মানুষ-তত্ত্ব যার সত্য হয় মনে

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

মানুষ-তত্ত্ব যার সত্য হয় মনে,

সে কি অন্য তত্ত্ব মানে৷

মাটির ঢিপি, কাঠের ছবি

ভূত ভাবি সব দেবদেবী

ভোলে না সে এসব রূপী

ও সে মানুষ-রতন চেনে৷

জোরই ফোরই জিন ফেরেস্তার খেলা

পেঁচাপেঁচি আলা ভোলা

তাতে নয়ন হয় না ভোলা

মানুষ ভজে দিব্যজ্ঞানে।

ফেও-ফেঁপি ফেকসা যারা

ভাকা-ভুকো ভোলে তারা

লালন তেমনি চটা-মারা

ও ঠিক দাঁড়ায় না একখানে।।

————

মতিলাল দাশ, ‘লালন ফকিরের গান’, লালন স্মারকগ্রন্থ, পৃ. ৪২; লালন-গীতিকা, পৃ. ৭৩-৭৪ (এখানে সঞ্চারীর ১ম চরণ “জিন ফেরেস্তার খেলা” কথান্তর আছে।) বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৪৫

হারামণি ৮ম খণ্ডে সঞ্চারী স্তবক এভাবে আছে :

জোরই সোরই লোলাপোলা

প্যাচাপেঁচি এলোভোলা

তাতে নয়ন খেলনেওয়ালা

যেজন মানুষ-রতন চেনে।।– পৃ. ৩২

এই গানটির মধ্যে কুষ্টয়া অঞ্চলের নিতান্ত সাধারণ লোকের কথ্যভাষা ব্যবহৃত কতকগুলি শব্দের প্রয়োগ আছে।

পেঁচোপেঁচি– অপদেবতা (পুরুষ ও স্ত্রী); আলাভোলা– আলেয়ার আলো; ফেও-ফেসি– ক্ষুদ্র ও নিম্ন স্তরের লোক; ফেকসা– সারহীন; ভাকা-ভুকো– মিথ্যা কথা বলিয়া প্রতারণা; চটামারা– চঞ্চল, ছিটকে-পড়া স্বভাবের;

লালন গানটিতে বলিতেছেন যে, যে মানুষ-তত্ত্ব সত্য বলিয়া গ্রহণ করে, সে হিন্দুমতের মাটি বা কাষ্ঠনির্মিত দেবদেবীকে ভূত মনে করে, আর মুসলমান-মতের জিন ফেরেস্তা প্রভৃতির বিবরণ তাহার চোখে ধূলা দিতে পারে না।– ঐ, পৃ. ৪৭০

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *