রাউন্ড-টেবিল-কনফারেন্স

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

রাউন্ড-টেবিল-কনফারেন্স

গোল-টেবিলের বৈঠকে!

ঠোকর মারে লোহায় ইঁট

এ ঠকে কী ওই ঠকে॥

ব্যান্ড বাজে, ইং-ল্যান্ডে ওই

চলল লিডার্স এ্যান্ড কোং,

শকুন মাতুল কালনেমি, –

কণ্ঠে লাউড-স্পিকার চোং!

তাদের ছাড়া কুম্ভীরে

মাছের দুঃখ কইত কে॥

চলছে নরম গরম চাঁই

হোমরা চোমরা ওমরা যায়,

ধুনতে তুলো ধপড় ধাঁই

ডোমিনিয়ন-ডোমরা যায়।

বলছে ডেকে, ‘দেখ রে দেখ

প্রতাপ চলে চৈতকে॥’

ডিম-গোলাকার গোল-টেবিল

করবে সার্ভ অশ্ব-ডিম,

তা দিবে তায় ধাড়ির দল,

তা নয় দিলে ততঃ কিম?

আনবে স্বরাজ ব্রিটিশ-বর্ন,

অস্ট্রেলিয়ার ভাইপোকে॥

স্বর্গ ভেবে ধাপার মাঠ

ধাপা-মেলের ময়লা যায়,

কুটুম ভেবে কেষ্টরে

বৈকুন্ঠে গয়লা যায়

স্বরাজ-মাখম উঠবে যে–

নইলে এ ঘোল মইত কে॥

বেছে বেছে পিঁজরাপোল

নড়বড় বড়োর দল

আনল বুড়ো হাবড়াদের,

যাত্রা-কমিক দেখবি চল!

ঘাঁটা-পড়া ঘাড় ওদের,

নয় এ বোঝা বইত কে॥

বাঘ নেবে পাঠ বেদান্তের,

বি-দন্ত সব পুরুত যায়,

করবে শান্তি মন্ত্রপাঠ

ব্যাঘ্র! ব্যগ্র বক্ষে আয়!

শিখাবে অদ্বৈতবাদ

দ্বিধা-ভক্ত দ্বৈতকে॥

বাধাস নে আর লটঘটি

দোহাই বাবা চ্যাংড়া থাম!

এমন ফলার কাঁচকলার,

তোরাও পাবি ল্যাংড়া আম!

সাগর মথি আনবে সব

হয় সুধা নয় দই টকে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *