
সংসারে যদি নাহি পাই সাড়া,
তুমি তো আমার রহিবে।
বহিবারে যদি না পারি এ ভার,
তুমি তো বন্ধু, বহিবে।
কলুষ আমার, দীনতা আমার,
তোমারে আঘাত করে শতবার;
আর কেহ যদি না পারে সহিতে,
তুমি তো বন্ধু, সহিবে।
যাক ছিঁড়ে যাক মোর ফুলমালা,
থাক পরে থাক ভরা ফুলডালা।
হবে না বিফল মোর ফুল তোলা-
তুমি তো চরণে লইবে।
দুঃখেরে আমি ডরিব না আর,
কন্টক হোক কন্ঠের হার,
জানি তুমি মোরে করিবে অমল
যতই অনলে দহিবে।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
