
আইস আইসরে পরানের বন্ধু করি নিবেদন।
অবুলা রাধারে বন্ধে দেও দরশন ॥
মিনতি করিয়া রাধে কইলা চরণে।
তোমার শোকে ঝুরে পরানি দয় কামবানে ॥
জোড় মন্দিরে বাজাও বাঁশি দেখিরে তোমারে।
রাধার মনের অনল বন্ধু ধরিব গিয়া তরে ॥
আমারে ছাড়িয়া বন্ধু রইলায় মধুপুর।
না শুনি কওরে বন্ধের বচন মধুর ॥
তোমার উদ্দেশ আমি রে বন্ধু পাইমু কুন কলে।
রাধিকার মনের অনল নিরবধি জ্বলে ॥
অবুলা বেভুলা নারী অল্প বুইধি লইয়া।
চাইতে পরানের নাথ যায় পালাইয়া ॥
সৈয়দ শাহনূরে বলে হিয়া ধরাইতাম না পারি।
একেলা মন্দিরখানি রাধায় বসিয়া ঝুরি ॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
