আজি দোল পূর্ণিমাতে দুলবি তোরা আয়

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

কালাংড়া-বসন্ত-হিন্দোল — দাদরা

আজি দোল পূর্ণিমাতে দুলবি তোরা আয়।

দখিনার দোল লেগেছে দোলন-চাঁপায়॥

দোলে আজ দোল-ফাগুনে

ফুল-বাণ আঁখির তূণে,

দুলে আজ বিধুর হিয়া মধুর ব্যথায়॥

দুলে আজ শিথিল বেণি, দুলে বধূর মেখলা,

দুলে গো মালার পলা জড়াতে বঁধুর গলা।

মাধবীর দোলন-লতায়

দোয়েলা দোল খেয়ে যায়,

দুলে যায় হলদে পাখি সোঁদাল-শাখায়॥

বিরহ-শীর্ণা নদীর আজিকে আঁখির কূলে

ভরে জল কানায় কানায় জোয়ারে উঠল দুলে।

দুলে বসন্ত-রানি

কুসুমিতা বনানী

পলাশ রঙন দোলে নোটন-খোঁপায়॥

দোলে হিন্দোল-দোলায় ধরণি শ্যাম-পিয়ারি,

দুলিছে গ্রহ তারা আলোক-গোপ-ঝিয়ারি।

নীলিমার কোলে বসি

দুলে কলঙ্কী-শশী,

দোলে ফুল-উর্বশী ফুল-দোলনায়॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *