এক নিবেদন করি পুনঃপুন শুন রজকিনি রামি

চণ্ডীদাস

1 min read September 17, 2026

রাগাত্মিক পদ ।।

এক নিবেদন, করি পুনঃপুন,

শুন রজকিনি রামি।

যুগল চরণ, শীতল দেখিয়া,

শরণ লইলাম আমি।।

রজকিনী রূপ, কিশোরী স্বরূপ,

কাম গন্ধ নাহি তায়।

না দেখিলে মন, করে উচাটন,

দেখিলে পরাণ জুড়ায়।।

তুমি রজকিনী, আমার রমণী,

তুমি হও মাতৃ পিতৃ।

ত্রিসন্ধ্যা যাজন, তোমারি ভজন,

তুমি বেদমাতা গায়ত্রী।।

তুমি বাগবাদিনী, হরের ঘরণী,

তুমি সে গলার হারা।

তুমি স্বর্গ মর্ত্ত, পাতাল পর্ব্বত,

তুমি সে নয়ানের তারা।।

তোমা বিনা মোর, সকল আঁধার,

দেখিলে জুড়ায় আঁখি।

যে দিনে না দেখি, ও চাঁদ বদন,

মরমে মরিয়া থাকি।।(১)

ওরূপ মাধুরী, পাসরিতে নারি,

কি দিয়ে করিব বশ।

তুমি সে তন্ত্র, তুমি সে মন্ত্র,

তুমি উপাসনা রস।।

ভেবে দেখ মনে, এ তিন ভুবনে,

কে আছে আমার আর।

বাশুলী আদেশে, কহে চণ্ডীদাসে,

ধোপানি চরণ সার।।

————–

(১) অপর একখানি হস্তলিখিত গ্রন্থ হইতে সংগৃহীত।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন চণ্ডীদাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *