ক- বলে কথা কইতে মনে জাগে ভীতি

নকুল কুমার বিশ্বাস

1 min read September 17, 2026

ক- বলে কথা কইতে মনে জাগে ভীতি

খ- বলে খোয়া গেছে লোকের আদর্শ-নীতি

গ- বলে গুরু মারা শিষ্য ঘরে-ঘরে

ঘ- বলে ঘুঘুর ফাঁদে পড়িয়া মানুষ মরে

ও কী বলবো কী বলবো ভাই।

ঙ- বলে ব্যাঙে গান গায় কোকিল নিরুদ্দেশ

চ- বলে ভাই চাপাবাজে ভইরা গেছে দেশ

ছ- বলে ভাই ছলনা আজ প্রেমের অপর নাম

জ- বলে ভাই জর্দার কৌটার বেড়ে গেছে দাম

ঝ- বলে ঝুঁটি বাঁধা ছেলেদের লম্বা চুল

ঞ- বলে মিঞা ভাইয়ে কানে পরে দুল

ও কী বলবো কী বলবো ভাই।

ট- বলে ভাই টাকার লেনদেন টেবিলের তলে

ঠ- বলে ঠোকাঠুকি চলছে এদল ওদলে

ড- বলে ডিগ্রি অচল মামুজান ছাড়া

ঢ- বলে ঢাকা মুখোশে অনেকের চেহারা

ণ- বলে বীণা ফেলে গীটার করো রেওয়াজ

ত- বলে ভাই তদ্বির ছাড়া হয় না কোনো কাজ

ও কী বলবো কী বলবো ভাই।

থ- বলে থমথমে ভাব সারাদেশে ভাই

দ- বলে দাঁত কামড়ে থাকো করার কিছু নাই

ধ- বলে ধাপ্পা দিয়ে কেউ করছে কামাই বেশ

ন- বলে নকলে নষ্ট শিক্ষার পরিবেশ

প- বলে পয়সা হলে মানুষ বন্ধু ভুলে যায়

ফ- বলে ফাঁকা মাঠে গোল সবাই দিতে চায়

ও কী বলবো কী বলবো ভাই।

ব- বলে ভাই বাবা-মা আজ ভীষণ অসহায়

ভ- বলে ভেজালে পড়ে করছে সব হায় হায়

ম- বলে ভাই মশায় সারারাত্রি শোনায় গান

য- বলে যানজটে পড়ে যায়রে বুঝি জান

র- বলে ভাই র‍্যাপ-রকের সমাদর ভীষণ

ল- বলে লালনের দেশে লাফায়রে জ্যাকসন

ও কী বলবো কী বলবো ভাই।

শ- বলে শিক্ষিত বেকার ঘুরছে পথে হায়

ষ- বলে ষড়যন্ত্রীরা আছে ডাইনে বায়

স- বলে সম্মান কি জ্ঞানী-গুণীজনে পান

হ- বলে হুজুগ আর গুজবে দিবেন না আর কান

ক্ষ- বলে ক্ষান্ত দাও কাউরে করো না বিরূপ

দেইখা-শুইনা বইসা থাকো সবার ভালো চুপ

আমি বলছি যা বলতে চাই।

———–

নকুল কুমার বিশ্বাস

এলবাম- চাচায় চা চায়

৩০ /০৩/৯৯

মিরপুর, ঢাকা

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নকুল কুমার বিশ্বাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *