দিকে দিকে পুন জ্বলিয়া উঠেছে দীন-ই-ইসলামী লাল মশাল

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

দিকে দিকে পুন জ্বলিয়া উঠেছে
দীন-ই-ইসলামী লাল মশাল।
ওরে বে-খবর, তুইও ওঠ্‌ জেগে,
তুইও তোর প্রাণ-প্রদীপ জ্বাল।।

গাজী মুস্তফা কামালের সাথে
জেগেছে তুর্কী সুর্খ-তাজ,
রেজা পহ্‌লবী-সাথে জাগিয়াছে
বিরান মুলুক ইরানও আজ
গোলামী বিসরি’ জেগেছে মিসরী,
জগলুল-সাথে প্রাণ-মাতাল।।

ভুলি’ গ্লানি লাজ জেগেছে হেজাজ
নেজদ্‌ আরবে ইবনে সউদ্‌
আমানুল্লার পরশে জেগেছে
কাবুলে নবীন আল-মামুদ,
মরা মরক্কো বাঁচাইয়া আজি
বন্দী করিম রীফ্‌-কামাল।।

জাগে ফয়সল্‌ ইরাক আজমে,
জাগে নব হারুন-আল্‌-রশীদ,
জাগে বয়তুল মোকাদ্দস্‌ রে;
জাগে শাম দেখ্‌ টুটিয়া নিঁদ,
জাগে না কো শুধু হিন্দের
দশ কোটি মুসলিম বে-খেয়াল।।

মোরা আস্‌হাব কাহাফের মত
হাজারো বছর শুধু ঘুমাই,
আমাদেরি কেহ ছিল বাদশাহ্‌
কোন কালে; তার করি বড়াই,
জাগি যদি মোরা, দুনিয়া আবার
কাঁপিবে চরণে টাল্‌মাটাল।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *