
প্রসাদী সুর – একতালা।
বল দেখি ভাই কি হয় মোলে।
এই বাদানুবাদ করে সকলে॥
কেহ বলে ভূত প্রেত হবি, কেহ বলে তুই স্বর্গে যাবি,
কেহ বলে সালোক্য পাবি, কেহ বলে সাযুজ্য মেলে॥
বেদের আভাস, তুই ঘটাকাশ,
ঘটের নাশকে মরণ বলে।
ওরে শূন্যেতে পাপ পুণ্য গণ্য মান্য করে সব খোয়ালে॥
এক ঘরেতে বাস করিছে, পঞ্চ জনে মিলেজুলে।
সে যে সময় হইলে আপনা আপনি,
যে যার স্থানে যাবে চ’লে॥
প্রসাদ বলে যা ছিলে ভাই, তাই হবি রে নিদানকালে।
যেমন জলের বিম্ব জলে উদয়,
জল হয়ে সে মিশায় জলে॥
বল দেখি ভাই কি হয় মোলে।
এই বাদানুবাদ করে সকলে॥
কেউ বলে ভুত প্রেত হবি, কেউ বলে তুই স্বর্গে যাবি,
কেউ বলে সালোক্য পাবি, কেউ বলে সাযুজ্য মেলে
বেদের আভাস, তুই ঘটাকাশ, ঘটের নাশকে মরণ বলে॥
ওরে শূন্যেতে পাপ পুণ্যগণ্য, মান্য কোরে সব খোয়ালে।
প্রসাদ বলে যা ছিলি ভাই, তাই হবিরে নিদানকালে
যেন জলের বিম্ব জলে, উদয় লয় হয়ে সে মিশায় জলে।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
