বসিয়া বিজনে কেন একা মনে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

বসিয়া বিজনে কেন একা মনে
পাণিয়া ভরণে চল লো গোরী
চল জলে চল কাঁদে বনতল,
ডাকে ছলছল জল-লহরী।।

দিন চলে যায় বলাকা-পাখায়,
বিহগের বুকে বিহগী লুকায়!
কেঁদে চখা-চখি মাগিছে বিদায়
বারোয়ার সুরে ঝুরে বাশরি।।

সাঁঝ হেরে মুখ চাঁদ-মুকুরে
ছায়াপথ-সিঁথি রচি চিকুরে,
নাচে ছায়া-নটি কানন-পুরে
দুলে রটপট লতা-কবরী।।

'‌বেলা গেল বধূ' ডাকে ননদী,
চল জল নিতে যাবি লো যদি,
কালো হয়ে আসে সুদূর নদী,
নাগরিকা-সাজে সাজে নগরী।।

মাঝি বাঁধে তরী সিনান-ঘাটে,
ফিরিছে পথিক বিজন মাঠে,
কারে ভেবে বেলা কাঁদিয়া কাটে
ভর আখি-জলে ঘট গাগরী ।।

ওগো বে-দরদী ও রাঙা পায়ে
মালা হয়ে কে গো গেল জড়ায়ে!
তব সাথে কবি পড়িল গায়ে
পায়ে রাখি তারে না গলে পরি।।

( ইমন-মিশ্র গজল-কাহারবা)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *