মণি-মঞ্জীর বাজে অরুণিত চরণে সখী

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

কীর্তন

মণি-মঞ্জীর বাজে অরুণিত চরণে সখী

রুনুঝুনু রুনুঝুনু মণি-মঞ্জীর বাজে।

হেরো গুঞ্জামালা গলে বনমালী চলিছে কুঞ্জ-মাঝে॥

চলে নওল কিশোর,

হেলে দুলে চলে নওল কিশোর।

হেরি সে লাবণি কৌস্তুভমণি নিষ্প্রভ হল লাজে।

চরণ-নখরে শ্যামের আমার চাঁদের মালা বিরাজে॥

বঁধুর চলার পথে পরান পাতিয়া রব

চলিতে দলিয়া যাবে শ্যাম,

আমি হইয়া পথের ধূলি বক্ষে লইব তুলি

চরণ-চিহ্ন অভিরাম॥

ভুলে যা তোরা রাধারে কৃষ্ণ-নিশির আঁধারে

হারায়ে সে গেছে চিরতরে,

কালো যমুনার জলে ডুবেছে সে অতল তলে

মিশে গেছে সে শ্যাম-সাগরে॥

ওই বাঁশি বাজিছে শোন রাধা বলে,

মোর তরুণ তমাল চলে, অঙ্গ-ভঙ্গে শিখী-পাখা টলে।

তার হাসিতে বিজলি

কাজল-মেঘে যেন উঠিছে উছলি।

রূপ দেখে যা দেখে যা,

কোটি চাঁদের জোছনা-চন্দন মেখে যা,

মোর শ্যামলে দেখে যা॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *