সজনি ও ধনি কে কহ বটে (প্রথম দর্শন)

লোচন দাস

1 min read September 17, 2026

সজনি ও ধনি কে কহ বটে।

গোরোচনা-গোরি নবীনা কিশোরী

নাহিতে দেখিলুঁ ঘাটে।।

যমুনার তীরে বসি তার নীরে

পায়ের উপরে পা।

অঙ্গের বসন করিয়া আসন

সে ধনী মাজিছে গা।।

কিবা সে দু-গুলি শঙ্খ ঝলমলি

সরু সরু শশিকলা।

মাটিতে উদয় যেন সুধাময়

দেখিয়া হইলুঁ ভোলা।।

সিনিঞা উঠিতে নিতম্ব-তটিতে

পড়্যাছে চিবুকরাশি।

কান্দিয়া আন্ধার কনক-চাঁদার

শরণ লইল আসি।।

চলে নীল শাড়ী নিঙ্গাড়ি নিঙ্গাড়ি

পরাণ সহিতে মোর।

সেই হৈতে মোর হিয়া নহে থির

মনমথ-জ্বরে ভোর।।

দাস-লোচন কহয়ে বচন

শুন হে নাগর-চান্দা।

সে যে বৃষভানু- রাজার নন্দিনী

নাম বিনোদিনী রাধা।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন লোচন দাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *