হাওয়ার পাখি ভরা আমার মাটির পিঞ্জিরায়

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

হাওয়ার পাখি ভরা আমার
মাটির পিঞ্জিরায়,
পাখি যাইতে পারে যায় না উড়ে
পিঞ্জিরার মায়ায় ॥

শুনিলাম মুর্শিদের কাছে
পাখি ধরার সন্ধান আছে
ধরতে যে জন চায়,
ধরছে যে জন সে মহাজন
মুর্শিদি লীলায় ॥

আঁখির কাছে পাখির বাসা
করে পাখি যাওয়া-আসা
দুই জানালায়,
ঘরেবাইরে ঘুরেফিরে
রয় না এক জায়গায় ॥

দেখা দিত কথা কইত
পোড়া প্রাণে শান্তি দিত
মন মনোরায়,
পাই না তারে সন্ধান করে
মনে যারে চায় ॥

পাখির সঙ্গে নাই চিনাজানা
দুই নয়নে দেখতে পাই না
কেমনে আসে যায়,
পাখি রবে নারে যাবে উড়ে
চোখের ইশারায় ॥

পাখি যদি যাবে ছাড়ি
দালানকোঠা ঘরবাড়ি
বান্‌লাম কার আশায়,
বাউল আবদুল করিম বলে
এই রঙের দুনিয়ায় ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *