
আয় হারালি আমাবতী না মেনে।
ও তোর হয় না সবুর একদিনে।।
হল আমাবতীর বার
মাটি রসে সরোবর
সাধু গুরু বোষ্টম তিনে উদয় সে রসের সনে।।
তুই খতনা চাষা ভাই
ও তোর জ্ঞান কিছুই নাই
এবার অমাবস্যা প্রতিপদে হাল বয়ে কাল হও কেনে।।
যে জন রসিক চাষা হয়
ও সে যোগ বুঝে হাল বয়
এবার লালন ফকির পায় সে ফিকির, হাপুর হুপুর ভুঁই বোনে।।
——————————
লালন ফকির : কবি ও কাব্য, পৃষ্ঠা ২১৯-২০; লালন গীতিকা, পৃষ্ঠা ১৬৫-৬৬
‘বাউল কবি লালন শাহ’ গ্রন্থে অনেক শব্দে ও পঙক্তিতে পার্থক্য আছে। গাছটি সম্পূর্ণ উদ্ধৃত হল :
আয় হারালি অম্বুবাচী না মেনে।
তোর হয় না সবুর একদিনে।।
অম্বুবাচী ভর
মাটি রসে সরোবর
সাধু গুরু বৈষ্ণব তিনে উদয় সে রসের সনে।।
তুই তো মদন-চাষা ভাই
তোমার বুদ্ধি জ্ঞান তো নাই
বার মাস চাষ করিয়ে জো-র সময় চাল কেনে।।
যে জন রসিক চাষা হয়
জমির জো বুঝে হাল বয়
লালন ফকির পায় সে ফিকির, হাপুর হুপুর ভুঁই বোনে।। —পৃষ্ঠা ৩১৭
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
