ঈদের দিন আসিল রে রমজানের রোজার পরে

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

ঈদের দিন আসিল রে
রমজানের রোজার পরে
একে অন্যে ঈদ মোবারক
জানায় ঘরে ঘরে রে–
রমজানের রোজার পরে ॥

রোজা-নামাজ আল্লার হুকুম
বান্দার উপরে
একমাস রোজা রাখতে হয়
বৎসরে বৎসরে রে–
রমজানের রোজার পরে ॥

রোজা হয় আত্মসংযম
বুঝতে যেজন পারে
মনের ময়লা দূর করিয়া
পাকপবিত্র করে রে–
রমজানের রোজার পরে ॥

নূতন মন নূতন মিলন
এক বৎসরের পরে
ভালোবাসা মিলামিশা
পবিত্র অন্তরে রে–
রমজানের রোজার পরে ॥

দান-খয়রাত লিল্লা যাকাত
ফিতরা আদায় করে
ভবের সম্পদ ধন দৌলত
আল্লাহ দিলা যারে রে–
রমজানের রোজার পরে ॥

যে-জনে দয়া করে
এতিমের উপরে
করিম বলে আল্লাহ পাকে
তারে দয়া করে রে–
রমজানের রোজার পরে ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *