
পিলুবাহার – যৎ।
ওহে নূতন নেয়ে।
ভাঙা নৌকা চল বেয়ে॥
দুকূল রইল দূর, ঘন ঘন হানিছে চিকুর,
কেমন কেমন করে হে দেয়া, মাঝ-যমুনায় ভাসে খেয়া,
শুন ওহে গুণনিধি, নট হক ছানা দধি,
কিন্তু মনে করি এই খেদ।
কাণ্ডারী যাহার হরি যদি ডুবে সেই তরী,
মিছে ভবে হইবে হে বেদ॥
যমুনা গভীরা ভাঙা তরী, অবলা বালা কৃশোদরী,
প্রাণরক্ষার তুমি মাত্র মূল।
অবসান হলো বেলা, এ কি পাতিয়াছ খেলা,
ঝটিৎ পারে চল প্রাণ নিতান্ত আকুল॥
কহিছে প্রসাদ দাস, রসরাজ কিবা হাস,
কূলবধূর মনে বড় ভয়।
এক অঙ্গ আধা আধা, তোমারি অধীনা রাধা,
তাহে এত বাদ সাধা উচিত কি হয়॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
