
কারে কী বলিব আমি
ঠেকছি নিজের আক্কলে
টেকা-পয়সা না জমাইয়া
বিয়া করে কোন বেয়াক্কলে ॥
ভাইবন্ধু সব মিলিয়া
আমারে করাইলা বিয়া
আমার গলায় ফাঁসি দিয়া
হাসে তারা সক্কলে ॥
দশ বৎসর হয় করলাম বিয়া
এক ছেলে ছয় মাইয়া
আমারে ঘিরিল আইয়া
দারুণ ভবের জঞ্জালে ॥
লাভ করিতে গেল আসল
এখন ভাবনা কেবল
আবদুল করিম ঘোর পাগল
ভালো ছিল এককালে ॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
