কালিয়া বরণ হিরণ-পিঁধন যখন পড়য়ে মনে

চণ্ডীদাস

1 min read September 17, 2026

কালিয়া বরণ, হিরণ-পিঁধন

যখন পড়য়ে মনে।

মুরছি পড়িয়া, কাঁদয়ে ধরিয়া,

সব সখী জনে জনে।।

কেহ কহে মাই, ওঝা দে ঝাড়াই,

রাইয়েরে পেয়েছে ভূতা।

কাঁপি কাঁপি উঠে, কহিনা না টুটে,

সে যে বৃষভানু-সুতা।।

রক্ষামন্ত্র পড়ে, নিজ চুলে ঝাড়ে,

কেহ বা কহয়ে ছলে।

নিশ্চয় কহি যে, আনি দেও এবে,

কালার গলার ফুলে।।

পাইলে সে ফুল, চেতন পাইয়া,

তবে উঠবেক বালা।

ভূত-প্রেত আদি, ঘুচিয়া যাইবে,

যাইবে অঙ্গের জ্বালা।।

কহে চণ্ডীদাসে, আন উপদেশে,

কুলের বৈরী যে কালা।

দেখাও যতনে, পাইবে চেতনে,

ঘুচিবে অঙ্গের জ্বালা।।

——————-

রাধার পূর্বরাগ ।। ধানশী ।।

হিরণ-পিঁধন -হিরণ্য পরিধান অর্থাৎ পীতাম্বর। দে – দিয়া। ভূতা – ভূত।

”পাইলে সে ফুল…যাইবে অঙ্গের জ্বালা”–এইটুকু একখানি হস্ত লিখিত গ্রন্থ হইতে গৃহীত। প্রাচীন কাব্য-সংগ্রহ।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন চণ্ডীদাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *