
গগনে খেলায় সাপ বরষা-বেদিনী।
দূরে দাঁড়ায়ে দেখে ভয়-ভীতা মেদিনী।।
দেখায় মেঘের ঝাঁপি তুলিয়া,
ফনা তুলি’ বিদ্যুৎ-ফণি ওঠে দুলিয়া,
ঝড়ের বাঁশিতে বাজে তার
অশান্ত রাগিণী।।
মহাসাগরে লুটায় তার সর্পিল অঞ্চল,
দিগন্তে দুলে তার এলোকেশ পিঙ্গল,
ছিটায় মন্ত্রপূত ধারাজল অবিরল
তন্বী-মোহিনী।।
অশনি-ডমরু ওঠে দমকি’
পাতালে বাসুকি ওঠে চমকি’
তার ডাক শুনে ছুটে আসে নদীজল
(যেন) পাহাড়িয়া নাগিনী।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
