
গিয়াছে সে দিন যে দিন হৃদয় রূপেরই মােহনে আছিল মাতি,
প্রাণের স্বপন আছিল যখন— ‘প্রেম’ ‘প্রেম’ শুধু দিবস-রাতি।
শান্তিময়ী আশা ফুটেছে এখন হৃদয়-আকাশপটে,
জীবন আমার কোমল বিভায় বিমল হয়েছে বটে,
বালককালের প্রেমের স্বপন মধুর যেমন উজল যেমন
তেমন কিছুই আসিবে না—
তেমন কিছুই আসিবে না।
সে দেবীপ্রতিমা নারিব ভুলিতে প্রথম প্রণয় আঁকিল যাহা,
স্মৃতিমরু মাের শ্যামল করিয়া এখনাে হৃদয়ে বিরাজে তাহা।
সে প্রতিমা সেই পরিমলসম পলকে যা লয় পায়,
প্রভাতকালের স্বপন যেমন পলকে মিশায়ে যায়।
অলসপ্রবাহ জীবনে আমার সে কিরণ কভু ভাসিবে না আর—
সে কিরণ কভু ভাসিবে না—
সে কিরণ কভু ভাসিবে না।
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. View the source text
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
