ডুবল ফুটো ধর্ম-তরি (সর্দা-বিল)

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

সর্দা-বিল

ডুবল ফুটো ধর্ম-তরি

ফাটল মাইন সর্দার।

উঠল মাতম ‘সামাল সামাল

ব-মাল মেয়ে-মর্দার॥

এ কোন এল বালাই, এবে

পালাই বল কোন দেশ।

গাছের তলায় ঘড়েল শেয়াল,

কাকের মুখে সন্দেশ!

কন্যা-ডোবা বন্যা এল,

ডুবল বুঝি ঘর-দ্বার॥

আয়েশ করে বিয়ের মেয়ের

বাড়বে বয়সে চৌদ্দ,

বাপের বুকের তপ্ত খোলায়,

দিব্যি গেয়ান-বোধ তো!

হদ্দ হলেন বউদি ভেবে,

ছাড়ল নাড়ি বড়দার॥

শূন্য স্বর্গ-মার্গে যেত

গৌরীদানের মারফত

যমের যমজ জামাতৃকে

লিখে দিয়ে ফারখত

নৈকষ্য কস্য এখন,

জাত গেল ‘মেল খড়দা’র॥

দেব‍্‍তা বুড়ো শিব যে মাগেন

আট-বছরি নাতনি,

চতুর্দশী মুক্ত-কেশী–

কনে নয়, সে হাথনী!

পুঁটুলি নয়, এঁটুলি সে,

কিংবা পুলিশ-সর্দার॥

সিংগি চড়া ধিঙ্গি মেয়ে

বউ হবে কি, বাপ রে!

প্রথম প্রণয়-সম্ভাষণেই

হয়তো দেবে থাপড়ে।

লাফ দিয়ে সে বাইরে যাবে

ঝাঁপ খুলে ওই পর্দার॥

সম্বন্ধ ভুলে শেষে

যা তা বলে ডাকব?

বধূ তো নয়–যদুর পিসি!

কোথায় তারে রাখব!

ধর্মিনী নয়, জার্মানি-শেল!

গো-স্বামী! খবরদার!

ঠাকুর ভাশুর মানবে নাকো,

রাখবে না মান দুর্গার

হয়তো কবে বলবে—‘পিয়ো,

ঝোল রেঁধেছি মুরগার’!

আনবে কে বাপ গুর্খা-সিপাই

দন্ত-নখর-বর্দার॥

টাকাতে নয় ভাবনাতে শেষ

মাথাতে টাক পড়বে!

যোদ্ধা বামা গুটিয়ে জামা

কথায় কথায় লড়বে!

যেই পাবে না শেমিজ বডিস

কৌটো পানের জর্দার॥

জাত মেরেছিস, ভেবেছিনু,

জাতিটা নয় যাক গে,

গৃহিনী-রূপ গ্রহণীরোগ

তাও ছিল শেষ ভাগ্যে!

দোক্তা ফেলে গিন্নি কাঁদেন,

কর্তা চলেন হরদ্বার॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *