তুমি মোর নিধি রাই তুমি মোর নিধি

বলরাম দাস

1 min read September 17, 2026

তুমি মোর নিধি রাই তুমি মোর নিধি |

না জানি কি দিয়া তোমা নিরমিল বিধি ||

বসিয়া দিবস-রাতি অনিমিখ আঁখি |

কোটি কলপ যদি নিরবধি দেখি ||

তভু তিরপিত নহে এ দুই নয়ান |

জাগিতে তোমারে দেখি স্বপন সমান ||

নীরস দরপন দূরে পরিহরি |

কি ছার কমলের ফুল বটেক না করি ||

ছি ছি কি শারদ-চান্দ ভিতরে কালিমা |

কি দিয়া করিব তোমার মুখের উপমা ||

যতনে আনিয়া যদি ছানিয়া বিজুরী |

অমিয়ার সাঁচে গরাইয়ে পুতুলী ||

রসের সায়রে যদি করাই সিনান |

তভু না হয় তোমার নিছনি সমান ||

হিয়ার ভিতর থুইতে নহে পরতীত |

হারাঙ হারাঙ হেন সদা করে চিত ||

হিয়ার ভিতর হৈতে কে কৈল বাহির |

তেঞি বলরামের পহুঁ-চিত নহে থির ||

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন বলরাম দাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *