থাকিতে চরণ মরণে কী ভয়

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

কমিক গান

শ্রীচরণ ভরসা

সোহিনী – একতালা

থাকিতে চরণ মরণে কী ভয়,

নিমেষে যোজন ফরসা।

মরণ-হরণ নিখিল-শরণ

জয় শ্রীচরণ ভরসা॥

গর্বের শির খর্ব মোদের?

চরণ তেমনই লম্বা!

শৈশব হতে আ-মরণ চলি

সবারে দেখায়ে রম্ভা।

সার্জেন্ট যবে আর্জেন্ট-মার

হাতে করে আসে তাড়ায়ে,

না হয়ে ক্রুব্ধ পদ প্রবুদ্ধ

সম্মুখে দিই বাড়ায়ে॥

থাকিতে চরণ মরণ কী ভয়,

নিমেষে যোজন ফরসা।

মরণ-হরণ নিখিল-শরণ

জয় শ্রীচরণ ভরসা॥

বপু কোলা ব্যাং, রবারের ঠ্যাং,

প্রয়োজন মতো বাড়ে গো,

সমানে আঁদাড়ে বনে ও বাদাড়ে

পগারে পুকুরপাড়ে গো।

লখিতে চকিতে লঙ্ঘিয়া যায়

গিরি দরি বন সিন্ধু,

এই এক পথে মিলিয়াছি মোরা,

সম মুসলিম হিন্দু॥

থাকিতে চরণ মরণে কী ভয়,

নিমেষে যোজন ফরসা!

মরণ-হরণ নিখিল-শরণ

জয় শ্রীচরণ ভরসা॥

কহিতেছে নাকি বিশ্ব, আমরা

রণে পশ্চাতে হেঁটে যাই?

পশ্চাৎ দিয়া ছুটে কেউ? হেসে

মরিব কি দম ফেটে, ছাই!

ছুটি যবে মোরা – সুমুখেই ছুটি,

পশ্চাতে পাশে হেরি না!

সামনে ছোটারে পিছু হাঁটা বল?

রাঁচি যাও, আর দেরি না॥

থাকিতে চরণ মরণে কী ভয়,

নিমেষে যোজন ফরসা।

মরণ-হরণ নিখিল-শরণ

জয় শ্রীচরণ ভরসা॥

আমাদের পিছে ছুটিতে ছুটিতে

মৃত্যু পড়িবে হাঁপায়ে,

জিভ বার হয়ে পড়িবে যমের,

জীবন তখন বাঁ পায়ে!

মোরা দেব-জাতি ছিনু যে একদা,

আজ তার স্মৃতি চরণে,

ছুটি না তো, যেন উড়ে চলি নভে,

থাকে নাকো ধুতি পরনে॥

থাকিতে চরণ মরণ কী ভয়,

নিমেষে যোজন ফরসা।

মরণ-হরণ নিখিল-শরণ

জয় শ্রীচরণ ভরসা॥

বাপ-পিতামোর প্রদর্শিত এ

পথ মহাজন-পিষ্ট,

গোস্বামী মতে পরাহেও বাবা

এ পথে মিলিবে ইষ্ট!

মরে যদি যাও তাহলে তো তুমি

একদম গেলে মরিয়াই!

চরণের জোরে মরণ এড়াও,

বাঁচিবে চরণ ধরিয়াই॥

থাকিতে চরণ মরণ কী ভয়,

নিমেষে যোজন ফরসা।

মরণ-হরণ নিখিল-শরণ

জয় শ্রীচরণ ভরসা॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *