দাঁড়ায়্যা নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে

বলরাম দাস

1 min read September 17, 2026

দাঁড়ায়্যা নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে

বুক বহিয়া পড়ে ধারা |

না থাকিব তোর ঘরে অপযশ দেয় মোরে

মা হইয়া বলে ননীচোরা ||

ধরিয়া যুগল করে বান্ধয়ে ছাঁদন-ডোরে

বাঁধে রাণী নবনী লাগিয়া |

আহিরী রমণী হাসে দাঁড়াইয়া চারি পাশে

হয় নয় চাহ শুধাইয়া ||

আনের ছাওয়াল যত তারা ননী খায় কত

মা হইয়া কেবা বান্ধে কারে |

যে বোল সে বোল মোরে না থাকিব তোর ঘরে

এত দুখ সহিতে না পারে ||

বলাই খায়্যাছে ননী মিছা চোর বলে রাণী

ভাল মন্দ না করে বিচার |

পরের ছাওয়াল পায়্যা মারেন আসিয়া ধায়্যা

শিশু বলি দয়া নাহি তার |

অঙ্দ বলয় তাড় আর যত অলঙ্কার

আর মণি-মুকুতার হার |

সকল খসায়্যা লহ আমারে বিদায় দেহ

এ দুখে যমুনা হব পার ||

বলরামদাসে কয় এই কর্ম ভাল নয়

ধাইয়া গোপাল কোলে কর |

যশোদা আসিয়া কাছে গোপালের মুখ মোছে

অপরাধ ক্ষমা কর মোর ||

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন বলরাম দাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *