
দিবস রজনী গুণ গণি গণি
কি হৈল অন্তরে ব্যথা |
খলের বচনে পাতিয়া শ্রবণে
খাইনু আপন মাথা ||
শুন শুন দূতী কি কহ মো প্রতি
বচন না লাগে ভাল |
সে ছার পিরীতি ভাবিতে ভাবিতে
সোনার বরণ কাল ||
বিষের গাগরী ক্ষীরে মুখ ভরি
কে না আনি দিল আগে |
করিনু আহার না করি বিচার
এ বধ কাহারে লাগে ||
নীরলোভে মৃগী পিয়াসে ধাইতে
ব্যাধ শর দিল বুকে |
জলের সফরী আহার করিতে
বঁড়শী লাগিল মুখে ||
জলদ নেহারি পিয়াসে চাতকী
চঞ্চু পসারল আশে |
বারিদ বারণ করল পবন
কুলিশ মিলিল শেষে ||
ক্ষীর নাড়ু করি বিষে মাখাইয়া
অবলা বালাকে দিল |
সুস্বাদু পাইয়া খাইতে খাইতে
নিকটে মরণ ভেল ||
যখন আছিল সুদিন আমার
তখন আছিল কোলে |
এবে করি সাধ দেখিতে না পাই
হারাইনু করম ফলে ||
লাখ হেম পায়্যা যতনে বাঁধিতে
পড়ল অগাধ জলে |
হেন অনুচিত করে পাপ বিধি
দ্বিজ চণ্ডীদাস বলে ||
———————–
পাঠান্তরঃ
দিবস রজনী, গুণ গণি গণি,
কি হৈল অন্তরে ব্যথা।
খলের বচনে, পাতিয়া শ্রবণে,
খাইনু আপন মাথা।।
কে বলে পিরীতি ভাল গো সখি
কে বলে পিরীতি ভাল?
সে ছার পিরীতি, ভাবিতে ভাবিতে,
সোণার বরণ কাল।।
সোণার গাগরী, বিষ জল ভরি,
কেবা আনি দিল আগে।
করিনু আহার, না করি বিচার,
এ বধ কাহারে লাগে।।
নীর লোভে মৃগী, পিয়াসে ধাইতে,
ব্যাধ শর দিল বুকে।
জলের সফরী, আহার করিতে,
বঁড়শী লাগিল মুখে।।
নবঘন হেরি, পিয়াসে চাতকী,
চঞ্চু পসারল আশে।
বারিক কারণ, বহল পবন,
কুলিশ মিলল শেষে।।
লাখ হেম পায়া, যতনে বাঁধিতে,
পড়ল অগাধ জলে।
হেন অনুচিত, করে পাপ বিধি,
দ্বিজ চণ্ডীদাস ভণে।।
————–
অনুরাগ।–সখী সম্বোধনে ।। মল্লার ।।
গাগরী – কলস; পশ্চিম অঞ্চলে এখনও লোকে গাগরী কহিয়া থাকে।
নবঘন – মেঘ।
চঞ্চু পসারল – ঠোঁট বাড়াইল।
বারিক কারণ – জলের নিমিত্ত।
কুলিশ – বজ্র।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
