নিশীথ হয়ে আসে ভোর

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

গজল

ভৈরবী মিশ্র কাহারবা

নিশীথ হয়ে আসে ভোর

বিদায় দেহো প্রিয় মোর।

রজনিগন্ধার বনে হেরো

গুঞ্জরিছে ভ্রমর॥

হেরো ওই তন্দ্রা-ঢুলু ঢুল

জড়ায়ে হাতে এলোচুল,

বধূ যায় সিনান-ঘাটে

পথে লুটায় বসন আকুল॥

খোলো খোলো বাহুর মালা,

মোছো মোছো প্রিয়া আঁখি।

শোনো কুঞ্জ-দ্বারে তব কুহু

মুহুমুহু ওঠে ডাকি॥

হেরো লো, শিয়রে তব

প্রদীপ হয়ে এল ম্লান,

দাঁড়াল রাঙা উষা ওই,

রঙের সাগরে করি ম্লান।

আকাশ-অলিন্দে কাঁদে

পাণ্ডুর-কপোল শশী,

শুকতারা নিবু-নিবু ওই,

মলয়া ওঠে উছসি।

কাঁদে রাতের আঁধার

মোর বুকে মুখ রাখি॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *