বাংলা ছাড়ো

সিকান্দার আবু জাফর

1 min read September 17, 2026

রক্তচোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো

আজকে যখন হাতের মুঠোয় কণ্ঠনালীর খুন পিয়াসী ছুরি

কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ঝাপি

আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি

তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া

তুমি বাংলা ছাড়ো

অনেক মাপের অনেক জুতোর দামে তোমার হাতে

দিয়েছি ফুল হৃদয় সুরভিত

সে ফুল খুঁজে পায়নি তোমার চিত্তরসের ছোঁয়া

পেয়েছে শুধু কঠিন জুতোর তলা

আজকে যখন তাদের স্মৃতি অসন্মানের বিষে

তিক্ত প্রানে শ্বাপদ নখের জ্বালা

কাজ কি চোখের প্রসন্নতায় লুকিয়ে রেখে প্রেতের অট্টহাসি

আমার কাঁধেই নিলাম তুলে আমার যত বোঝা

তুমি আমার বাতাস থেকে মুছো তোমার ধূলো

তুমি বাংলা ছাড়ো

একাগ্নতার স্বপ্ন বিনিময়ে মেঘ চেয়েছি

ভিজিয়ে নিতে যখন পোড়া মাটি

বারে বারেই তোমার খরা আমার খেতে বসিয়ে গেছে ঘাঁটি

আমার প্রীতি তোমার প্রতারনা

যোগ বিয়োগে মিলিয়ে

নিলে তোমার লাভের জটিল অন্কগুলো

আমার কেবল হাড় জুড়ালো হতাশ শ্বাসের ধূলো

আজকে যখন খুঁড়তে গিয়ে নিজের কবরখানা

আপন খুলির কোদাল দেখে সর্বনাশা বজ্র দিয়ে গড়া

কাজ কি দ্বিধায় বিষন্নতায় বন্দী রেখে ঘৃনার অগ্নিগিরি

আমার বুকেই ফিরিয়ে নেব ক্ষীপ্ত বাঘের থাবা

তুমি আমার জল স্থলের মাদুর থেকে নামো

তুমি বাংলা ছাড়ো

————————–

সিকান্দার আবু জাফর

বাংলা ছাড়ো – আবৃত্তি গোলাম মোস্তফা

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali দেশাত্মবোধক সিকান্দার আবু জাফর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *