
ভালোবেসে যদি সুখ নাহি তবে কেন
তবে কেন মিছে ভালোবাসা।
মন দিয়ে মন পেতে চাহি। ওগো, কেন
ওগো, কেন মিছে এ দুরাশা।
হৃদয়ে জ্বালায়ে বাসনার শিখা, নয়নে সাজায়ে মায়ামরীচিকা,
শুধু ঘুরে মরি মরুভূমে। ওগো, কেন
ওগো, কেন মিছে এ পিপাসা।
আপনি যে আছে আপনার কাছে
নিখিল জগতে কী অভাব আছে।
আছে মন্দ সমীরণ, পুষ্পবিভূষণ,
কোকিলকূজিত কুঞ্জ।
বিশ্বচরাচর লুপ্ত হয়ে যায়— একি ঘোর প্রেম অন্ধরাহু-প্রায়
জীবন যৌবন গ্রাসে। তবে কেন
তবে কেন মিছে এ কুয়াশা।
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. View the source text
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
