
ইমন মিশ্র – একতালা
মানবতাহীন ভারত শ্মশানে
দাও মানবতা, হে পরমেশ!
কী হবে লইয়া মানবতাহীন
ত্রিশ কোটি এই মানুষ-মেষ॥
কলের পুতুল এরা প্রাণহীন
পাষাণ আত্মবিশ্বাসহীন
নিজেরে ইহারা চিনে না, কেমনে
চিনিবে ইহারা নিজের দেশ॥
ফিরিছে শ্মশানে যেন প্রেত-পাল
নর নাই, শুধু নর-কঙ্কাল,
এই চির-অভিশপ্তের মাঝে
জাগাও হে প্রভু প্রাণের রেশ॥
ভায়ে ভায়ে হেথা নাহি প্রেম-বোধ
কেবলই কলহ কেবলই বিরোধ,
দেয়ালের পরে তুলিয়া দেয়াল
নিজেরে নিজেরা করিছে শেষ।
হে দেশ-বিধাতা, দূর করো এই
লজ্জা ও গ্লানি, এ দীন বেশ॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
