মোমের পুতুল মমির দেশের মেয়ে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

‘ইজিপসিয়ান ডান্সের’ সুর

মোমের পুতুল মমির দেশের মেয়ে

নেচে যায়।

বিহ্বল চঞ্চল-পায়॥

সাহারা মরুর পারে

খর্জুর-বীথির ধারে

বাজায় ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝংকারে।

উড়িয়ে ওড়না ‘লু’ হাওয়ায়

পরি-নটিনি নেচে যায়

দুলে দুলে দূরে সুদূর॥

সুরমা-পরা আঁখি হানে আশমানে,

জ্যোৎস্না আসে নীল আকাশে তার টানে।

ঢেউ তুলে নীল দরিয়ায়

দিল-দরদি নেচে যায়

দুলে দুলে দূরে সুদূর॥

দোলে রে গলে দোলে তার

খেজুর-মেতীর সোনার হার,

ছন্দ-দোদুল।

মিশরের আনন্দ সে

চপল ‘রমল’ ছন্দ সে,

জিয়ানো মিছরি-রসে তার হাসি অতুল।

নারঙ্গী-আঙুরবাগে তার

গান গাহে বুলবুল॥

মরীচিকা-মায়া সে

দেয় না ধরা, ছায়া সে,

পালিয়ে সে যায় সুদূর।

যায় নেচে সে নটিনি

নীল দরিয়ার সতিনি

দুলে দুলে দূরে সুদূর॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *