
পাহাড়ি – কারফা
সাহারাতে ফুটল রে
রঙিন গুলে-লালা।
সেই ফুলেরই খোশবুতে
আজ দুনিয়া মাতোয়ালা॥
সে ফুল নিয়ে কাড়াকাড়ি
চাঁদ সুরুয গ্রহ তারায়,
ঝুঁকে পড়ে চুমে সে ফুল
নীল গগন নিরালা॥
সেই ফুলেরই রওশনিতে
আরশ কুরসি রওশন,
সেই ফুলেরই রং লেগে
আজ ত্রিভুবন উজালা॥
সেই ফুলেরই গুলিস্তানে
আসে লাখো পাখি,
সে ফুলেরে ধরতে বুকে
দুলে রে ডাল-পালা॥
চাহে সে ফুল জিন ও ইনসান
হুর পরি ফেরেশতায়,
ফকির দরবেশ বাদশা চাহে
করতে গলে মালা॥
চেনে রসিক ভোমরা বুলবুল
সেই ফুলের ঠিকানা,
কেউ বলে হজরত মোহাম্মদ
কেউ বা কমলিওয়ালা॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
