সুধা ছানিয়া কেবা ও সুধা ঢেলেছে রে (শ্যামসুন্দর)

চণ্ডীদাস

1 min read September 17, 2026

সুধা ছানিয়া কেবা ও সুধা ঢেলেছে রে

তেমতি শ্যামের চিকণ দেহা |

অঞ্জন রঞ্জিয়া কেবা খঞ্জন বসাইল রে

চাঁদ নিঙ্গাড়ি কৈল থেহা ||

থেহা নিঙ্গাড়িয়া কেবা মুখানি বনাইল রে

জবা নিঙ্গাড়িয়া কৈল গণ্ড |

বিম্বফল জিনি কেবা ওষ্ঠ গড়িল রে

ভুজ জিনিয়া করি-শুণ্ড ||

কম্বু জিনিয়া কেবা কণ্ঠ বনাইল রে

কোকিল জিনিয়া সুস্বর |

আরদ্র মাখিয়া কেবা সারদ্র বনাইল রে

ঐছন দেখি পীতম্বর ||

বিস্তারি পাষাণে কেবা রতন বসাইল রে

এমতি লাগয়ে বুকের শোভা |

কানড়-কুসুমে কেবা সুষমা করিল রে

এমতি তনুর দেখি আভা ||

আদলি উপরে কেবা কদলী রোপল রে

ঐছন দেখি ঊরুযুগ |

অঙ্গুলি উপরে কেবা দর্পণ বসাইল রে

চণ্ডীদাস দেখে যুগ যুগ ||

———————-

নায়িকার পূর্বরাগ ।। কামোদ ।।

দেহা – দেহ। থেহা – স্থৈর্য্য। গণ্ড – গাল। বিম্ব ফল – তেলাকুচাফল। শুণ্ড – হাতীর শুঁড়। কম্বু – শঙ্খ। আরদ্র – হরিদ্রা। সারদ্র – সহিত আরদ্র – পীতবর্ণ। সুষমা – পরম শোভা। আদলি – (আদলা) ঘৃতকুমারী।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন চণ্ডীদাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *