সুরা বাইয়েনাহ্

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

**সুরা বাইয়েনাহ্**

শুরু করিলাম নামে পবিত্র আল্লার,

সীমা নাই যাঁর দয়া কৃপা করুণার।

‘আহ্‌লে কেতাব’ আর অংশীবাদিগণ

নিবৃত্ত হয়নি যারা বিশ্বাসে আপন।

ভিন্ন-মত হয় নাই তাহারা তাবৎ,

না এল তাদের কাছে প্রমাণ যাবৎ।

আল্লার রসুল যিনি, পবিত্র কোরান

উদ্‌গাতা যাহাতে দৃঢ় সত্য অধিষ্ঠান

(ভিন্ন-মত হইল তাহারা তাঁর পরে);

‘আহ‌্‌লে কেতাব’ দল এইরূপ করে,

যতদিন আসে নাই পরম প্রমাণ,

করে নাই দলাদলি, করেছে সম্মান।

তাদেরে কেবল মাত্র আজিকার মতো

এই সে আদেশ দেওয়া আছিল সতত –

কর্মেতে ‘হানিফ’ হয়ে কেবল আল্লার

করুক তাহারা পূজা, উপাসনা আর।

নামাজ পড়ুক, দিক্ জাকাত সে সাথে,

চির-দৃঢ় সত্য ধর্ম, ইহাই ধরাতে।

‘আহ্‌লে কেতাব’ আর ‘মুশরিক’ যারা

প্রত্যাখ্যান করিয়াছে সত্যধর্ম তারা

দোখজ-আগুনে হবে হবে চিরস্থায়ী,

সৃষ্টির অধম তারা, সংশয় নাই।

সৃষ্টির বরেণ্য তারা নিশ্চয়ই যারা

ইমান আনিয়া করে সৎকাজ তারা।

তাহাদের পুরস্কার দরগায় আল্লার

বেহেশ্‌ত-কানন আছে, তলদেশে যার।

নহর-লহর বহে; তারা সেই লোকে

অনন্ত কালের তরে রবে নিরাশোকে।

প্রসন্ন তাদের প্রতি সদা বিশ্বপতি,

তাহারাও প্রীত তাই আল্লাহের প্রতি।

জীবন-প্রভুরে হেন ভয় যার মনে

এই পুরস্কার আছে তাদেরই কারণে।

—————

সুরা বাইয়েনাহ্

এই সুরায় ৮টি আয়াত, ৯৫টি শব্দ ও ৪১৩টি অক্ষর আছে। কবির, হাক্কানী, শাহ অলিউল্লাহ, ও শাহ্ রফিউদ্দিন বলেন – এই সুরা মদিনা শরিফে অবতীর্ণ হইয়াছে। কাশ্‌শাফ, বায়জাবী, জালালাইন ও হোসেনী বলেন, এই সুরা মক্কা শরিফে অবতীর্ণ হইয়াছে।

শানে-নজুল – মদিনার ইহুদিগণ ও মক্কার অংশীবাদীগণ তৌরাতের প্রতিশ্রুত শেষ পয়গম্বরের প্রতীক্ষায় ছিল। শেষ পয়গম্বর আবির্ভাব হওয়া সত্ত্বেও তাহারা পাপকার্য হইতে বিরত হয় নাই – তজ্জন্য এই সুরা নাজেল হয়।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *