
সুরের বাঁশি রে,
ফুলের কানে সুর দিও না
ফুল তোলো সুন্দরী কন্যা আউলাইয়া কেশ, আরে ও
কোন বা ঘরে থাকো তুমি কোন বা তোমার দ্যাশ।
প্রাণভোমরা রে,
গুনগুনাইয়া গান গাইও না
আমার বাড়ি যাইয়ো বন্ধু পশ্চিম বরাবর, আরে ও
উঁচা ভিটা কলার বাগান পুব দুয়ারি ঘর ॥
আমার বাড়ি যাইও বন্ধু বইতে দিমু পিঁড়া
জলপান করিতে দিব শালি ধানের চিড়া
আউলা ধানের খাসা চিড়া বিন্নি ধানের খই, আরে ও
গাছে পাকা সরবি কলা গামছাবান্ধা দই ॥*
তুমি তো রাজার কন্যা আমি যে রাখাল
দারোয়ানেরা লাগল পাইলে ঘটাইব জঞ্জাল
তোমার বাড়ি দেওয়াল ঘেরা আমার পরান কাঁপে, আরে ও
জানতে পাইলে আমার মাথা কাটব তোমার বাপে ॥
দারোয়ানেরে দিয়া যাইয়ো কান্ধের গামছাখানি
বাপ-মায়ের চরণ ধইরা রেহাই চাইব আমি
বাপেরে প্রার্থিমু আমি ভয় তো নাহি করি, আরে ও
রেহাই না পাই তোমায় লইয়া হইমু দেশান্তরি ॥
তোমার সনে হইলো তবু ভালোবাসি
ফুলবাগানে আইসো তুমি বাজাইলে বাঁশি
আসমানে জাগিবে চাঁদ জাগবে গাঙের ঢেউ, আরে ও
সেই না তালে যাইবা কন্যা জানবে না আর কেউ ॥
—
রাখাল বন্ধু (১০ মার্চ ১৯৬৮)
—
* ওই পঙ্ক্তি মূলত লোকছড়া থেকে গৃহীত। বিভিন্ন কবি ও গীতিকার তাঁদের গানে এটি ব্যবহার করেছেন নিজেদের মতো করে, যে কারণে এটির মূল পাঠ কোনটি এবং এর মূল রচয়িতা কে, নির্ণয় করা দুরূহ।
** গানটির মূল রচয়িতা আবদুল হাই মাশরেকী (১৯১৯-১৯৮৮)। তাঁর রচিত রাখাল বন্ধু পালার (১৯৩৯ সালে রেকর্ডকৃত) মূল পাঠের সঙ্গে ছবিতে ব্যবহৃত গানের বাণীর পার্থক্য বিদ্যমান। উল্লেখ্য, রাখাল বন্ধু ছবির সংগীত চিত্রপরিচালক মনসুর আহমেদ। গীতিকার হিসেবে ছবির টাইটেলে নূরুল ইসলাম (লাল)-এর নাম উল্লেখ করা হয়েছে।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
