গানের ভিতর প্রাণের কথা বলতে মনে চায়

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

গানের ভিতর প্রাণের কথা বলতে মনে চায়
এই দেশের গরিব কাঙাল হলো নিরুপায় ॥

গণতন্ত্র সমাজতন্ত্রের শুনলাম কত গান
ধর্মের নামে অধর্ম তাই ঘটল অকল্যাণ
কত কিছু শুনি
আসলে দিনে দিনে বাড়ে পেরেশানি
জীবন নিয়ে টানাটানি প্রাণে বাঁচা দায় ॥

গরিব কৃষকের কথা কী আর বলি
মহাজনের ঋণ শোধিতে হয়ে যায় খালি।
আছে নিদারুণ শোষণ
সুদ-ঘুষের কবলে পড়ে গরিবের মরণ
চলে যায় হাড়ভাঙা ধন মহাজনের গোলায় ॥

গ্রামের বিপন্ন মানুষ দিনমজুর যারা
অগাধ বর্ষার দিনে কী করবে তারা
যদি না খেয়ে মরে
শাসক হইবে দায়ী নিজের বিচারে
শান্তিতে এই দেশের মানুষ বেঁচে থাকতে চায় ॥

আবদুল করিম বলে আমার মন যাহা চায় গাই
আমি অতি মূঢ়মতি বিদ্যাবুদ্ধি নাই
আমি বাংলা মায়ের সন্তান
দেশকে ভালোবাসি বলে গাই স্বদেশী গান
শোষণহীন সমাজব্যবস্থা আমার মনে চায় ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *