
ভোট দিবায় আজ কারে?
ভোটশিকারি দল এসেছে নানা রঙ্গ ধরে
ভোট দিবায় আজ কারে ॥
দেশে আইল ভোটাভোটি পরে হবে বাটাবাটি
তারপরে লুটালুটি যে যেভাবে পারে ॥
কেউ দিতেছে ধর্মের দোহাই কেউ বলে সে গরিবের ভাই
আসলে গরিবের কেউ নাই গরিব ঠেকছে ফেরে ॥
কেহ বলে ধন্য আমি, আমি দেশের মঙ্গলকামী
দেশ হবে পবিত্রভূমি ভোট যদি দাও মোরে ॥
যার-তার ভাবে বলাবলি করছে কত গালাগালি
স্বার্থ নিয়া ঠেলাঠেলি বুঝবায় কয়দিন পরে ॥
নিজের জ্ঞান থাকে যদি বুঝে নেও তার গতিবিধি
শোষকের প্রতিনিধি মালা পরাও যারে ॥
আবদুল করিম কয় ভাবিয়া ভালো মন্দ না বুঝিয়া
অনর্থক বিভ্রান্ত হইয়া গরিব কাঙাল মরে ॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
