
শোনেন শোনেন জাহাঁপনা শোনেন রানি ছয়জনা
শোনেন বলি নতুন করে পুরান ঘটনা ॥
এক যে ছিল বাদশা তাহার ঘরে ছিল সাতটি রানি
ছোট রানি মা হইবে লোকে করে কানাকানি
ছয় রানি কুবুদ্ধি করে বাদশা তাহা জানে না।
ছোট রানি জ্ঞান হারাল জন্ম নিল সাতটি ছেলে
ছয় রানিতে যুক্তি করে পুঁতে রাখে মাটির তলে
পরে একটি মেয়ে হলো ছয় রানি তা জানে না ॥
ছোট রানি পাগলিনী ঘুরে বেড়ায় বনে বনে
কন্যাটি মালিনীর ঘরে বড় হলো দিনে দিনে
সাত ভাই তার চম্পা হলো দরবেশেরই ছলনা।
সওদাগরের পুত্র যে এক সওদা করে হাটে হাটে
সেই কন্যার সনে তাহার দেখা হলো নদীর ঘাটে
বাদশাজাদির রূপ দেখিয়া মন হলো তার দেওয়ানা ॥
সওদাগরের পুত্র বলে, বাণিজ্যেতে যাবার কালে
‘আজব একটি আয়না দিলাম দেখতে পাবে দূরে গেলে
আরও দেখতে পাবে কন্যা আপন তোমার কয়জনা ॥’
নিরলে বসিয়া কন্যা আয়না দেখে আপন মনে
আহা রে দুখিনী মা তার কেঁদে বেড়ায় বনে বনে
পিতা তাহার সিংহাসনে কেমন আজব ঘটনা।।
সেই দিন মালিনী প্রথম জন্মকথা বলে তারে
‘সাত ভাই জাগো রে জাগো’ কন্যা ডাকে বারে বারে
দরবেশ বলিয়া গেল—’একা ডাকলে জাগবে না ॥’
সওদাগরের পুত্র এল পায়রামুখে খবর পেয়ে
বনবাসী মায়ের খোঁজে পঙ্খিরাজে চলল ধেয়ে
ধর্মের কল হাওয়ায় নড়ে ছয় রানি তা জানে না ॥
সাত পুত্র এক কন্যা জন্ম নিল যাহার ঘরে
আঁটকুড়ে বলিয়া তারে ছয় রানিতে নিন্দা করে
হায় বাদশা পিতা হয়ে আপন মেয়ে চেনে না ॥
সাতভাই চম্পা (২৯ মার্চ ১৯৬৮)
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
